‘দেশ আর চাষির পরিশ্রম বিক্রি করা হয়েছে’, ভারত–আমেরিকা চুক্তি নিয়ে মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
ভারত ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করে প্রধানমন্ত্রী এই চুক্তিতে সই করেছেন, যা দেশের স্বার্থের পরিপন্থী।
মঙ্গলবার লোকসভায় এই ইস্যু ঘিরে ব্যাপক হট্টগোল দেখা যায়। অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রথমে দুপুর ১২টা, পরে দুপুর ২টা পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখতে উঠে রাহুল গান্ধী জাতীয় নিরাপত্তা, চিন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এবং রাষ্ট্রপতির ভাষণের বিভিন্ন দিক তুলে ধরতে চাইলে বিজেপি সাংসদরা আপত্তি জানান। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বক্তব্যে বাধা দেন, যার ফলে ফের অধিবেশন স্থগিত হয়।
সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ভয় ও চাপের মধ্যে রয়েছেন। তাঁর দাবি, চার মাস ধরে যে বাণিজ্য চুক্তি ঝুলে ছিল, সেটিতে কোনও পরিবর্তন ছাড়াই হঠাৎ করে সই করা হয়েছে। “মোদীজি প্রবল চাপে আছেন এই কথা তিনি জানেন, আমিও জানি,” মন্তব্য করেন রাহুল।
কংগ্রেস নেতা আরও বলেন, এই চুক্তির মাধ্যমে ভারতীয় কৃষকদের ঘামঝরা পরিশ্রম বিদেশি স্বার্থের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “এটা শুধু চাষিদের নয়, গোটা দেশকেই বিক্রি করে দেওয়ার শামিল।”
রাহুল গান্ধী অভিযোগ তোলেন যে ইতিহাসে এই প্রথম রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দলনেতাকে কথা বলতে দেওয়া হয়নি। তাঁর মতে, সরকারের এই আচরণ থেকেই বোঝা যায় প্রধানমন্ত্রী কতটা অস্বস্তিতে রয়েছেন।
চাপের কারণ হিসেবে রাহুল গান্ধী আদানি গোষ্ঠী সংক্রান্ত মার্কিন মামলার প্রসঙ্গ এবং তথাকথিত ‘এপস্টিন ফাইল’-এর কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, এই আন্তর্জাতিক বিষয়গুলোই প্রধানমন্ত্রীকে আপস করতে বাধ্য করেছে।
“হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ভেঙে পড়ছে,” বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।
এই বিতর্ক ঘিরে সংসদের অচলাবস্থা এবং কেন্দ্র–বিরোধী সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলের মত।
- Log in to post comments