রাজ্যের দুই বহুচর্চিত বিধানসভা কেন্দ্র Bhabanipur ও Nandigram এ ভোটার সংখ্যায় পরিবর্তনের ছবি সামনে আনল Election Commission of India। শনিবার প্রকাশিত চূড়ান্ত (আংশিক) ভোটার তালিকায় দেখা যাচ্ছে, ভবানীপুরে ভোটার কমেছে, আর নন্দীগ্রামে বেড়েছে।
গত ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় ভবানীপুরে ভোটার ছিলেন ১,৬১,৫২৫ জন। নতুন চূড়ান্ত তালিকায় ১৮ জনের নাম যুক্ত হলেও বাদ পড়েছেন ২,৩৪২ জন। ফলে বর্তমানে ভবানীপুরে মোট ভোটার ১,৫৯,২০১ জন।
অন্য দিকে, নন্দীগ্রামে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ২,৬৭,৬০৮। চূড়ান্ত তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ১,১৬৭ জন এবং বাদ গিয়েছেন ৩৯৭ জন। সব মিলিয়ে নন্দীগ্রামে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৮,৩৭৮।
উল্লেখযোগ্য যে, খসড়া তালিকা প্রকাশের সময় ভবানীপুর থেকে প্রায় ৪৪ হাজার এবং নন্দীগ্রাম থেকে প্রায় সাড়ে ১০ হাজার নাম বাদ পড়েছিল। এবার চূড়ান্ত তালিকাতেও কিছু নাম বাদ ও সংযোজন হয়েছে।
তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত এই তালিকার সব নাম এখনও চূড়ান্তভাবে যাচাই সম্পন্ন নয়। ভবানীপুরে ‘অমীমাংসিত’ হিসেবে চিহ্নিত রয়েছেন ১৪,১৫৪ জন এবং নন্দীগ্রামে ৮,৮১৯ জন ভোটার। অতিরিক্ত তালিকা প্রকাশের পরেই সম্পূর্ণ চিত্র স্পষ্ট হবে।
গত ২৭ অক্টোবর বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির ঘোষণা করেছিল কমিশন। এনুমারেশন প্রক্রিয়া শেষে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়। সেই সময় রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি। খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ে এবং তালিকায় অন্তর্ভুক্ত হয় প্রায় ৭ কোটি ৮ লক্ষ নাম। সদ্য প্রকাশিত চূড়ান্ত (অসম্পূর্ণ) তালিকা অনুযায়ী আপাতত আরও ৫ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে।
রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে ভবানীপুর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রই বিশেষ গুরুত্ব বহন করে, ফলে ভোটার সংখ্যার এই ওঠানামা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
- Log in to post comments