ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন দল যখন উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি দিচ্ছে, তখন রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল Bharatiya Janata Party (BJP)।
পদ্মশিবিরের দাবি, তারা ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই কার্যকর করা হবে সপ্তম পে কমিশন।
রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। যদিও রাজ্য বাজেটে পে কমিশনের উল্লেখ থাকলেও, তা কবে বাস্তবায়িত হবে তা এখনও স্পষ্ট নয়।
সাধারণত প্রতি ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য সরকার পে কমিশন গঠন করে। শোনা যাচ্ছে, কেন্দ্রের সম্ভাব্য অষ্টম পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের নতুন কাঠামো তৈরি হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র-রাজ্যের সামঞ্জস্য বজায় থাকলে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যে থাকতে পারে। সে ক্ষেত্রে বর্তমানে যার বেসিক বেতন ১৮ হাজার টাকা, তা বেড়ে ৫২ হাজার থেকে ৫৬ হাজার টাকার মধ্যে পৌঁছতে পারে।
ফলে সপ্তম পে কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। আর সেই সম্ভাবনাকেই ভোটের আগে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে বিজেপি। তবে এই প্রতিশ্রুতি কতটা ভোটে প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক মহলে।
- Log in to post comments