‘নো ভোট টু রাহুল’ বিতর্কে নতুন মাত্রা, ইন্ডিয়া জোটের মুখ হিসেবে স্ট্যালিনের নাম তুললেন উদয়নিধি

‘নো ভোট টু রাহুল’ বিতর্কে নতুন মাত্রা, ইন্ডিয়া জোটের মুখ হিসেবে স্ট্যালিনের নাম তুললেন উদয়নিধি

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্ব কার হাতে থাকবে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সামনে রেখে জোট পরিচালনা নিয়ে আপত্তি ক্রমশ বাড়ছে বলেই বিভিন্ন মহলে দাবি উঠছে। বিকল্প হিসেবে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কখনও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এর নাম সামনে আসছে।

এই পরিস্থিতিতেই স্ট্যালিনের পুত্র তথা তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন মন্তব্য করেছেন যে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোটের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর বাবাকেই অনেক রাজ্যের নেতা উপযুক্ত বলে মনে করছেন। চেন্নাইয়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব দুই ক্ষেত্রেই স্ট্যালিন একটি উদাহরণ তৈরি করেছেন।

অন্যদিকে, কংগ্রেসের প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ারও সম্প্রতি বিরোধী জোটের নেতৃত্ব আঞ্চলিক দলগুলির হাতে ছেড়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্যালিন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং আরজেডি নেতা তেজস্বী যাদব এর নামও উল্লেখ করেন সম্ভাব্য মুখ হিসেবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লোকসভা নির্বাচন সামনে না থাকলেও জোটের নেতৃত্ব নিয়ে এই আলোচনা মূলত শরিক দলগুলির মধ্যে চাপানউতোর এবং আসন সমঝোতার কৌশলগত রাজনীতির অংশ হতে পারে। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি স্ট্যালিনের সঙ্গে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল এর বৈঠকও হয়েছে, যেখানে জোট সমীকরণ ও আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

বিশেষজ্ঞদের মতে, তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও এই ধরনের মন্তব্য রাজনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। ফলে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আপাতত বজায় থাকছে।

Category