নির্বাচনকে সামনে রেখে কেরলে রাজনৈতিক উত্তাপের মাঝেই ‘বিফ ফেস্ট’ কর্মসূচি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।রাজধানী তিরুবনন্তপুরমসহ একাধিক স্থানে প্রকাশ্যে গোমাংস খাওয়ার কর্মসূচি আয়োজন করে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। এতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বামপন্থী শিবিরের দাবি, কেরলকে ঘিরে নির্মীয়মাণ চলচ্চিত্র The Kerala Story 2-এর ট্রেলারে রাজ্য সম্পর্কে ভুল ও সাম্প্রদায়িক বার্তা ছড়ানো হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়। অংশগ্রহণকারীদের হাতে ব্যানার-প্ল্যাকার্ডে লেখা ছিল, “This is the real Kerala story”, অর্থাৎ এটাই কেরলের বাস্তব চিত্র।
ঘটনাটি নিয়ে সরব হয়েছে মুসলিম স্টুডেন্টস ফেডারেশন, যা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। সংগঠনের বক্তব্য, এ ধরনের কর্মসূচি হিন্দু সম্প্রদায়ের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সামাজিক সম্প্রীতির জন্য তা অনুকূল নয়। সকলের বিশ্বাসকে সম্মান করার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিতর্কিত সিনেমার কড়া সমালোচনা করে অভিযোগ করেছেন, কেরলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যেই এমন কনটেন্ট তৈরি করা হচ্ছে। তাঁর মতে, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের মডেলকে বদনাম করার চেষ্টা হচ্ছে, যার বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করা উচিত।
পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি বক্তব্যের জেরে বিতর্ক আরও তীব্র হয়েছে।
- Log in to post comments