মোগল সম্রাট বাবর-এর নামে কোনও মসজিদ বা ধর্মীয় স্থাপত্য নির্মাণ বন্ধ করার নির্দেশ চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। তবে শুক্রবার সেই আবেদন শুনতে রাজি হল না ভারতের সুপ্রিম কোর্ট। আদালত শুনানিতে আগ্রহ না দেখানোর পর আবেদনকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন।
আবেদনকারীর পক্ষ থেকে দাবি করা হয়, সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় একটি বাবরি মসজিদ নির্মাণ করছেন। সেই প্রসঙ্গ টেনেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা-র বেঞ্চ আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করে।
আবেদনে বলা হয়েছিল, বাবর বা বাবরি নামে কোনও ধর্মীয় স্থাপনার নামকরণ না করার জন্য কেন্দ্র, রাজ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি চলমান নির্মাণকাজ বন্ধ করার নির্দেশও চাওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ওই মসজিদের শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্বে ছিলেন হুমায়ুন কবীর। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
- Log in to post comments