ঋণের বোঝা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন এক পুরস্কারপ্রাপ্ত কৃষক। ঘটনাটি ঘটেছে কেরল-এর কান্নুর জেলায়। মৃত কৃষকের নাম আমবাট্টু এলিয়াস (৬২)। পরিবার সূত্রে জানা গেছে, তিনি নিজের খামারেই কীটনাশক পান করেছিলেন। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, কয়েক লক্ষ টাকার ঋণের চাপ ও আর্থিক অনিশ্চয়তার কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দীর্ঘ প্রায় চার দশক ধরে পাহাড়ি জমি ইজারা নিয়ে সবজি চাষ করতেন এলিয়াস। আধুনিক ও নতুন পদ্ধতিতে চাষের জন্য স্থানীয় স্তরে তিনি একাধিক পুরস্কারও পেয়েছিলেন।
চলতি মরসুমে তিনি প্রায় আড়াই হাজার কলাগাছ লাগিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু প্রত্যাশিত লাভ না হওয়ায় ঋণের পরিমাণ আরও বেড়ে যায়। সেই আর্থিক চাপই শেষ পর্যন্ত তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
এই ঘটনা আবারও কৃষকদের আর্থিক সঙ্কট ও ঋণ সমস্যাকে সামনে এনে দিয়েছে।
- Log in to post comments