মাধ্যমিক পাশ করা বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ১৫ অগস্ট থেকে এই ভাতা চালু হওয়ার কথা থাকলেও, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১ এপ্রিল থেকেই এই আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে।
চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার যে নতুন প্রকল্পের ঘোষণা করেছে, তার নাম ‘বাংলার যুবসাথী’। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ করা যুবক ও যুবতীরা ভাতা পাবেন।
বাজেট সূত্রে জানা গিয়েছে, ২১ বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যোগ্য প্রার্থীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে। তবে ওই সময়ের মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা বন্ধ হয়ে যাবে।
প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন ব্যবস্থা চালু করা হচ্ছে না। সুবিধা পেতে হলে নির্দিষ্ট সরকারি শিবিরে গিয়ে সরাসরি আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের দাবি, কর্মসংস্থানের সন্ধানে থাকা যুবসমাজকে আর্থিকভাবে সহায়তা করতেই এই প্রকল্প চালু করা হচ্ছে, যাতে চাকরি খোঁজার সময় অন্তত ন্যূনতম সহায়তা পাওয়া যায়।
- Log in to post comments