সুপ্রিম কোর্টের নির্দেশে বদল সূচি, ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশ পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বদল সূচি, ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশ পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গে এসআইআর (Special Intensive Revision) পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদলাল। নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন এসআইআরের সংশোধিত সূচি ঘোষণা করে। দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক সেরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে সোমবার সুপ্রিম কোর্ট স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় মঞ্জুর করে। আদালত জানায়, ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ইআরও ও এইআরও-দের হাতে, মাইক্রো অবজারভারদের নয়। এই নির্দেশের ফলেই তালিকা প্রকাশ পিছোনোর ইঙ্গিত দিয়েছিল কমিশন।

নতুন সূচি অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারির মধ্যে শুনানির কাজ শেষ হবে। তার পর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নথি যাচাই ও স্ক্রুটিনি। প্রাথমিকভাবে ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও, বাড়তি সময় যুক্ত হওয়ায় কমিশন আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি দিনটি নির্ধারণ করেছে।

কমিশন সূত্রের খবর, ভোটারদের নথি যাচাই ও অভিযোগ নিষ্পত্তি যাতে স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

Category