গাজ়িয়াবাদে তিন বোনের মৃ/ত্যুর রহস্য! উদ্ধার ফোন, ৫ অনলাইন গেম নিষিদ্ধের প্রস্তাব পুলিশের

গাজ়িয়াবাদে তিন বোনের মৃ/ত্যুর রহস্য! উদ্ধার ফোন, ৫ অনলাইন গেম নিষিদ্ধের প্রস্তাব পুলিশের

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুর ঘটনায় তদন্তে নয়া তথ্য সামনে এসেছে। পুলিশ কিশোরীদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার কয়েক মাস আগে তাঁদের বাবা চেতন কুমার পরিবারের আর্থিক কারণে দু’টি মোবাইল ফোন বিক্রি করে দিয়েছিলেন। পরে সেই ফোনগুলি কার কাছে বিক্রি করা হয়েছিল, তা জানতেই পুলিশ উদ্ধার প্রক্রিয়া চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ফোন থেকে কিশোরীরা কী ধরনের অনলাইন গেম, ভিডিও, গান বা অন্যান্য কনটেন্ট দেখত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার পেছনে শুধুমাত্র অনলাইন গেমের প্রভাব ছিল কি না, নাকি পারিবারিক সমস্যাও ভূমিকা নিয়েছে সে বিষয়েও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কিশোরীদের ডায়েরিতে পারিবারিক অশান্তির কিছু ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ডেপুটি পুলিশ কমিশনার নিমিশ পাটিল জানিয়েছেন, একটি সুইসাইড নোটে একাধিক অনলাইন গেমের উল্লেখ রয়েছে। সেই প্রেক্ষিতে পাঁচটি গেম নিষিদ্ধ করার সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে, যা পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্তরেও বিবেচিত হবে। উল্লেখিত গেমগুলির মধ্যে রয়েছে Poppy Playtime, The Baby in Yellow, Evil Nun, Ice Cream Man এবং Ice Cream Game।

পুলিশের দাবি, এখনও পর্যন্ত খুনের কোনও প্রমাণ মেলেনি। তাই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই ধরে তদন্ত এগোনো হচ্ছে। একই সঙ্গে দিল্লিতে একটি পুলিশ দল পাঠানো হয়েছে, যারা কিশোরীদের আত্মীয়দের সঙ্গে কথা বলছে। উল্লেখ্য, গত মঙ্গলবার গাজ়িয়াবাদের একটি বহুতলের ১০তলা থেকে ঝাঁপ দিয়ে তিন বোনের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে আসল কারণ জানতে একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Category

Related Articles