অপ্রকাশিতই প্রাক্তন সেনাপ্রধানের বই! প্রকাশকের দাবি বনাম রাহুল গান্ধীর প্রশ্ন

অপ্রকাশিতই প্রাক্তন সেনাপ্রধানের বই! প্রকাশকের দাবি বনাম রাহুল গান্ধীর প্রশ্ন

প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ নরবণের স্মৃতিকথা ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাল প্রকাশনা সংস্থা। তারা স্পষ্ট করেছে, নরবণের বই ‘Four Stars of Destiny’ এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি না মুদ্রিত আকারে, না অনলাইন বা ডিজিটাল সংস্করণে।

প্রকাশক সংস্থার দাবি, বইটির প্রকাশনার একমাত্র স্বত্ব তাদের হাতে এবং এখনও সাধারণ পাঠকের জন্য কোনও কপি বাজারে আনা হয়নি। এমনকি পিডিএফ বা আংশিক কোনও সংস্করণও তাদের তরফে প্রকাশ বা বিতরণ করা হয়নি বলে জানানো হয়েছে।

এই দাবির বিপরীতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদ চত্বরে বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে প্রাক্তন সেনাপ্রধান নিজেই সমাজমাধ্যমে একটি পোস্টে জানিয়েছিলেন যে তাঁর বইটি “এখন পাওয়া যাচ্ছে”। সেই পোস্টের কথা উল্লেখ করে রাহুল প্রশ্ন তোলেন প্রকাশক না কি প্রাক্তন সেনাপ্রধান, কার বক্তব্য সঠিক?

এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, অনুমোদন ছাড়াই বইটির নামে একটি পিডিএফ কপি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে বইটির প্রচ্ছদ দেখিয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন সেটি ইতিমধ্যেই প্রকাশিত। এই ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশক সংস্থার তরফে সতর্ক করে বলা হয়েছে, বইটির কোনও অননুমোদিত প্রচার বা বিতরণ কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এ ধরনের কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংসদের বাজেট অধিবেশনে রাহুল গান্ধী ওই অপ্রকাশিত বই সংক্রান্ত একটি নিবন্ধ উদ্ধৃত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার পর থেকেই এই বিতর্ক নতুন করে আলোচনার কেন্দ্রে আসে।

Category

Related Articles