প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়ায় দুই দিনের সফরের সময় আজাদ হিন্দ বাহিনীর প্রবীণ সদস্য জয়রাজ রাজা রাও-এর সঙ্গে দেখা করেছেন। রবিবার কুয়ালা লামপুরে এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামের সময় জয়রাজের অভিজ্ঞতার কথা শুনেছেন।

মোদী সমাজমাধ্যমে লিখেছেন, “আইএনএ-এর প্রবীণ সদস্য জয়রাজ রাজা রাও-এর সঙ্গে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা। তিনি সাহসী এবং জীবনভর অনেক আত্মত্যাগ করেছেন। তাঁর গল্প থেকে আমি অনুপ্রাণিত হয়েছি।”
তিনি আরও উল্লেখ করেছেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ-এর সকল বীরের কাছে আমরা চিরকাল ঋণী। তাঁদের বীরত্বই ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করেছে।”

১৯৪৩ সালের সেপ্টেম্বরে নেতাজি কুয়ালা লামপুরের স্বাধীনতা স্কোয়ার থেকে ভাষণ দিয়েছিলেন, যা বহু তরুণ-তরুণীকে ভারতের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল।
মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন। মোদীর মতে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের বার্তা স্পষ্ট কোনও দ্বিচারিতা নয়, কোনও আপস নয়।”

প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এবং ভারতীয় বংশোদ্ভূতদের অবস্থানকেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, “মালয়েশিয়া ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঠিকানা, যেখানে সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের একত্রিত করেছে।”f
- Log in to post comments