উত্তরপ্রদেশের পরিবেশ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে দিল্লির বায়ুদূষণের সঙ্গে তুলনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, দিল্লির বর্তমান বায়ু পরিস্থিতি অনেক সময় ‘গ্যাস চেম্বার’-এর মতো মনে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।
শনিবার গোরক্ষপুরে একটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পরিবেশ দূষণ এখন শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, বরং বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দূষণের কারণে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও নানা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে বলেও তিনি উল্লেখ করেন।
নিজের বক্তব্যে তিনি জানান, গোরক্ষপুর ও আশপাশের অঞ্চলে তুলনামূলকভাবে দূষণ কম থাকায় মানুষের স্বাস্থ্য পরিস্থিতিও ভালো। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে যে কোনও জায়গায় দিল্লির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
উত্তরপ্রদেশে পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। গোরক্ষপুরের ক্যাম্পিয়ারগঞ্জ এলাকায় বন সংরক্ষণ ও পরিবেশ শিক্ষার জন্য একটি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের উল্লেখ করে বলেন, এই উদ্যোগ ভবিষ্যতে বনভূমি বৃদ্ধি এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।
- Log in to post comments