ফেব্রুয়ারিতে ফের বাংলায় অমিত শাহ

অমিত শাহ

ভোটের প্রস্তুতি জোরদার করতে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ—এমনই ইঙ্গিত মিলেছে রাজনৈতিক মহলে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিজেদের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে চাইছে বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই বারবার কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি দিল্লিতে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে তিনি স্পষ্টভাবে বার্তা দেন নির্বাচনী ময়দানে শুধু মঞ্চভিত্তিক রাজনীতি যথেষ্ট নয়, নেতা-কর্মীদের মানুষের মধ্যে নেমে গিয়ে সক্রিয়ভাবে জনসংযোগ বাড়াতে হবে। এই বৈঠকের পরই ফের অমিত শাহের বাংলা সফরের খবর সামনে আসে।

সূত্রের খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি দু’দিনের জন্য পশ্চিমবঙ্গে আসতে পারেন অমিত শাহ। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় বড় কোনও জনসভা না করলেও, রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসতে পারেন তিনি। সেখানে ছাব্বিশের নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকেই কলকাতা ও ব্যারাকপুর সফর করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অল্প সময়ের ব্যবধানে আবার তাঁর আগমন রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকের মতে, রাজ্যে দলের প্রস্তুতি খতিয়ে দেখা এবং সংগঠনকে আরও সক্রিয় করতেই এই ঘন ঘন সফর।

নতুন বছর শুরু হতেই রাজ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। শাসক ও বিরোধী—সব পক্ষই মাঠে নেমে পড়েছে। তৃণমূলের কাছ থেকে ক্ষমতা দখলের লক্ষ্যেই বিজেপি এখন সংগঠন ও কৌশলে বিশেষ জোর দিচ্ছে, আর তারই অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের নজর ক্রমেই বাড়ছে বাংলার উপর।

Category