উত্তরপ্রদেশ সরকার ৬৮ হাজারের বেশি সরকারি কর্মীর বেতন সাময়িকভাবে স্থগিত করেছে, যাদের মানবসম্পদ পোর্টালে সম্পত্তির তথ্য আপলোড করা হয়নি। রাজ্যের সব সরকারি কর্মীকে স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সরকারি সূত্রে জানা গেছে, ৬৮,২৩৬ জন সরকারি কর্মী এখনও তথ্য আপলোড করেননি। এতে স্বাস্থ্য, শিক্ষা, রাজস্ব, সমাজকল্যাণসহ বিভিন্ন বিভাগের কর্মী রয়েছেন। এই কর্মীদের বেতন আপাতত বন্ধ রাখা হয়েছে এবং বার্তা দেওয়া হয়েছে, যতদিন তথ্য জমা দেওয়া হবে না, ততদিন বেতন পাওয়া যাবে না।
মুখ্য সচিব এসপি গয়াল জানিয়েছেন, ৩১ জানুয়ারির মধ্যে সব সরকারি কর্মীকে তথ্য আপলোড করতে হবে। এর মধ্যে তৃতীয় শ্রেণির ৩৪,৯২৬ জন, চতুর্থ শ্রেণির ২২,৬২৪ জন, দ্বিতীয় শ্রেণির ৭,২০৪ জন এবং প্রথম শ্রেণির ২,৬২৮ জন কর্মী তথ্য দেননি।
সরকার জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো কর্মীদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতি রোধ করা। এছাড়া দ্রুত তথ্য আপলোড না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
- Log in to post comments