কলকাতায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানটি হবে আইসিসিআর-এ, বিকেল সাড়ে চারটেয়। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের আবহে এই অনুষ্ঠানে জয়ের অংশগ্রহণ ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
এই অনুষ্ঠানে আলোচনা হবে ‘ইনশাআল্লাহ বাংলাদেশ: একটি অসমাপ্ত বিপ্লবের গল্প’ শীর্ষক বইটি নিয়ে। বইটি লিখেছেন দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহিদুল হাসান খোকন। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ‘জুলাই বিপ্লব’-এর ঘটনাপ্রবাহ নিয়ে সাংবাদিকতামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই ৩০০ পৃষ্ঠার বইয়ে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, সজীব ওয়াজেদ জয় সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। আলোচনায় অংশ নেবেন একাধিক বিশিষ্ট লেখক, সাংবাদিক ও বিশ্লেষক। প্রবেশ অবাধ থাকবে এবং অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারও করা হবে।
আয়োজকদের দাবি, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম কোনও বড় মঞ্চে বক্তব্য রাখতে চলেছেন সজীব ওয়াজেদ জয়। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের মতে, কলকাতার মতো গুরুত্বপূর্ণ শহরে এই অনুষ্ঠানের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ, এবং এটি নিছক বই প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
- Log in to post comments