আবগারি মামলা! কেজরীদের অব্যাহতি চ্যালেঞ্জে হাই কোর্টে শুনানি CBI, শুনানি আগামী সপ্তাহে

আবগারি মামলা! কেজরীদের অব্যাহতি চ্যালেঞ্জে হাই কোর্টে শুনানি CBI, শুনানি আগামী সপ্তাহে

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী Arvind Kejriwal, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী Manish Sisodia-সহ ২১ জনকে অব্যাহতি দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে গিয়েছে সিবিআই। আগামী ৯ মার্চ, সোমবার এই আবেদন শুনবে Delhi High Court।

গত শুক্রবার Rouse Avenue Court আবগারি দুর্নীতি মামলা থেকে অভিযুক্তদের বেকসুর খালাস দেয়। সেই দিনই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, মামলার কিছু গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবে বিবেচিত হয়নি।

সূত্রের খবর, বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাসে এই মামলার শুনানি হবে।

২০২১ সালের নভেম্বরে দিল্লির তৎকালীন সরকার নতুন আবগারি নীতি চালু করে। সেই নীতিতে সরকারি মদের দোকান বন্ধ করে বেসরকারি সংস্থাকে লাইসেন্স দেওয়ার প্রস্তাব ছিল। রাজধানীর বিভিন্ন অঞ্চলে নতুন করে শতাধিক মদের দোকান খোলার পরিকল্পনাও করা হয়। তৎকালীন সরকারের দাবি ছিল, এই নীতিতে রাজস্ব বাড়বে এবং কালোবাজারি কমবে।

তবে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। পরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর Vinai Kumar Saxena সিবিআই তদন্তের সুপারিশ করেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং এই মামলায় কেজরীওয়াল, সিসৌদিয়াসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান। মামলায় তদন্ত চালায় সিবিআইয়ের পাশাপাশি ইডিও।

রাউস অ্যাভিনিউ আদালত তাদের রায়ে জানায়, গুরুতর অভিযোগ প্রমাণের জন্য শক্তিশালী ও স্পষ্ট তথ্যপ্রমাণ প্রয়োজন। আদালতের মতে, তদন্তকারী সংস্থা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দাখিল করতে পারেনি। কেজরীওয়ালের বিরুদ্ধে মূল চক্রান্তকারী হওয়ার অভিযোগও প্রমাণিত হয়নি বলে আদালত পর্যবেক্ষণ করে। একইভাবে সিসৌদিয়ার ক্ষেত্রেও অপরাধমূলক ভূমিকার স্পষ্ট প্রমাণ না থাকায় অব্যাহতি দেওয়া হয়।

তবে নিম্ন আদালতের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট সিবিআই। তাই অব্যাহতির নির্দেশ বহাল থাকবে কি না, তা নির্ধারণ করবে দিল্লি হাই কোর্টের আসন্ন শুনানি।

Category