বিশ্বজুড়ে সংসদীয় বন্ধুত্ব মজবুত করতে নতুন উদ্যোগ, আন্তর্জাতিক প্যানেলে তৃণমূলের অভিষেক-কাকলি-ডেরেক

বিশ্বজুড়ে সংসদীয় বন্ধুত্ব মজবুত করতে নতুন উদ্যোগ, আন্তর্জাতিক প্যানেলে তৃণমূলের অভিষেক-কাকলি-ডেরেক

বিরোধী শিবির যখন লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি জানাচ্ছে, সেই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অধ্যক্ষ ওম বিড়লা। বিশ্বের বিভিন্ন দেশের আইনসভাগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে একাধিক সাংসদকে আন্তর্জাতিক সংসদীয় বন্ধু গোষ্ঠীর জন্য মনোনীত করা হয়েছে।

ভারত ইতিমধ্যেই প্রায় ৬০টি দেশের সঙ্গে সংসদীয় সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে। এই কূটনৈতিক যোগাযোগের সেতুবন্ধন হিসেবেই কাজ করবেন নির্বাচিত সাংসদেরা। তালিকায় রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

জানা গেছে, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য মোট ৬৪টি প্যানেল গঠন করা হবে, যেখানে শাসক ও বিরোধী-উভয় পক্ষের সাংসদ থাকবেন। প্রতিটি প্যানেলে ১১ জন সদস্য থাকবেন এবং অন্তত একজন মহিলা সাংসদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

প্যানেলগুলির নেতৃত্বের ভূমিকায় থাকছেন তৃণমূলের অভিষেক ও ডেরেক ছাড়াও কংগ্রেসের পি চিদম্বরম, কে সি বেনুগোপাল, গৌরব গগৈ, শশী থারুর, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়াইসি, শিব সেনা (উদ্ধব গোষ্ঠী)-র অরবিন্দ সাওয়ন্ত এবং এনসিপি (শরদ পাওয়ার)-এর সুপ্রিয়া সুলে।

নির্দিষ্ট দেশভিত্তিক প্যানেলের নেতৃত্বও ঠিক করা হয়েছে-পর্তুগালের জন্য বেনুগোপাল, ইতালির জন্য চিদম্বরম, ফিলিপিন্সের জন্য গগৈ। অন্যদিকে বিজেপির ৩০ জন সাংসদ চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন, যাদের মধ্যে রয়েছেন অনুরাগ ঠাকুর, নিশিকান্ত দুবে, রবি শঙ্কর প্রসাদ এবং বৈজয়ন্ত পন্ডা। তাঁরা যথাক্রমে ইজরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সংক্রান্ত প্যানেলের নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়া সম্পর্কিত কমিটির নেতৃত্বে থাকবেন অখিলেশ যাদব।

বাজেট অধিবেশনে সাময়িক বরখাস্ত হওয়া কয়েকজন সাংসদও বিভিন্ন প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, কিরণ কুমার রেড্ডি, মানিকম টেগোর এবং গুরজিৎ সিং আউজলা। সিপিএমের এস ভেঙ্কটেশন থাকছেন কিউবা প্যানেলে।

সংসদীয় ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করবেন এই নির্বাচিত সাংসদেরা।

Category