দিল্লিতে আয়োজিত এক এআই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখানোর ঘটনায় বড়সড় পরিকল্পনার ইঙ্গিত পেয়েছে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ আদালতে জানিয়েছে, এই প্রতিবাদের পেছনে সংগঠিত চক্রান্ত থাকতে পারে এবং তা নেপালের তথাকথিত ‘জেন জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত।
শুক্রবার রাজধানীর ভারতমণ্ডপমে অনুষ্ঠিত সম্মেলন চলাকালীন কয়েকজন ইন্ডিয়ান ইউথ কংগ্রেস কর্মী হঠাৎ টি-শার্ট খুলে মোদি বিরোধী স্লোগান দিতে শুরু করেন। তাঁদের টি-শার্টে লেখা ছিল সরকারবিরোধী বার্তা। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা তৈরি হয় এবং উপস্থিতদের একাংশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।
পরে পুলিশ হস্তক্ষেপ করে চারজনকে আটক করে এবং গ্রেপ্তার দেখায়। ধৃতদের মধ্যে সংগঠনের একাধিক পদাধিকারী রয়েছেন বলে জানা গেছে। তদন্তকারীরা আদালতে জানিয়েছেন, প্রতিবাদের জন্য অর্থের উৎস, টি-শার্ট তৈরির পরিকল্পনা এবং সম্ভাব্য ডিজিটাল যোগাযোগের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আরও বড় ধরনের বিশৃঙ্খলার পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্তের অংশ।
আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা জরুরি, কারণ ঘটনাটি শুধুমাত্র তাৎক্ষণিক প্রতিবাদ নয়, বরং সংগঠিত কর্মসূচি হতে পারে বলে সন্দেহ।
- Log in to post comments