পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান-এর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে দু’বার উদ্যোগ নিয়েছিল সরকার— এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তাঁর বক্তব্য অনুযায়ী, দুই দফাতেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইমরান নিজেই।
একটি অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, ইমরানের রাজনৈতিক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব, কিন্তু তিনি সেই পথে হাঁটতে আগ্রহী নন। তাঁর এই মন্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়ে সরকার। দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সরকারের মন্ত্রী আত্তাউল্লাহ তারার স্পষ্ট করেন, ইমরানের সঙ্গে কোনও চুক্তি বা সমঝোতার প্রশ্নই নেই এবং এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
সানাউল্লাহ আরও দাবি করেন, প্রথম দফায় ২০২৪ সালের ২৬ নভেম্বর তৎকালীন উদ্যোগে যোগাযোগের চেষ্টা করেন মন্ত্রী মহসিন নকভি এবং খাইবার পাখতুনখোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। পরে কয়েকজন বিদেশি মধ্যস্থতাকারীর মাধ্যমেও আরেকবার চেষ্টা হয়। শুরুতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ইমরান প্রস্তাব থেকে সরে দাঁড়ান বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অগস্টে লাহোর থেকে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি জেলবন্দি। পরিবারের অভিযোগ, জেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তির বড় অংশ হারিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইসলামাবাদ-এর হাসপাতালে স্থানান্তরের দাবি তুলেছে পরিবার। একই সঙ্গে কারাবন্দি অবস্থায় নির্যাতনের অভিযোগও সামনে এসেছে।
- Log in to post comments