আরজি কর দুর্নীতিতে নাটকীয় মোড়, জেল হেফাজতে প্রাক্তন ডেপুটি সুপার আখতার

আরজি কর দুর্নীতিতে নাটকীয় মোড়, জেল হেফাজতে প্রাক্তন ডেপুটি সুপার আখতার

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় বড়সড় মোড় এল। যে ব্যক্তি একসময় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন, সেই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত।

সিবিআইয়ের তদন্তে উঠে আসে, আরজি করের আর্থিক কেলেঙ্কারিতে আখতার নিজেও জড়িত ছিলেন বলে অভিযোগ। এই মামলায় তাঁর বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পরোয়ানা জারির পর আদালতে হাজিরা নিয়ে একাধিকবার নাটক তৈরি হয়। শনিবার আদালতে এলেও তিনি আত্মসমর্পণ করেননি। পরে সোমবার আত্মসমর্পণের কথা জানালেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে আদালতে উপস্থিত হন আখতার।

মঙ্গলবার শুনানির সময় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে অভিযোগ করেন, আখতার ইচ্ছাকৃতভাবে মামলাকে দীর্ঘায়িত করছেন এবং আদালতের নির্দেশ উপেক্ষা করছেন। তাঁর দাবি, দুর্নীতির শিকড় আরও গভীরে রয়েছে এবং সেই সংক্রান্ত নথি আদালতে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এই দুর্নীতিতে তাঁর মক্কেলের কোনও ভূমিকা নেই।

অন্যদিকে, সিবিআই আখতারের জেল হেফাজতের আবেদন জানিয়ে তাঁর অসুস্থতার দাবি নিয়ে প্রশ্ন তোলে। তদন্তকারী সংস্থার আইনজীবীর বক্তব্য, গণমাধ্যমে কথা বলার সময় তিনি সুস্থ থাকলেও আদালতে হাজিরার ক্ষেত্রে অসুস্থতার অজুহাত দেওয়া হচ্ছে। যদিও আখতারের আইনজীবী দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাঁর মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং সেই কারণেই হাজিরা দিতে পারেননি।

সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক আখতারকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখযোগ্যভাবে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রথম সামনে এনেছিলেন আখতারই। তবে তদন্তে নেমে সিবিআই দাবি করে, সেই অভিযোগকারী নিজেও দুর্নীতির অংশ ছিলেন। এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। আদালতে সিবিআই জানায়, বারবার তলব করা সত্ত্বেও আখতার হাজিরা দেননি এবং আগাম জামিনের জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও উচ্চ আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয়।

এর পরই আলিপুর আদালত জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। শেষ পর্যন্ত সেই নির্দেশের জেরেই মঙ্গলবার আখতারকে আদালতের নির্দেশে জেল হেফাজতে যেতে হল।

Category