সরকারি কাগজে এক ছবি, বাস্তবে আরেক!  হাসপাতাল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জবাবে অসন্তুষ্ট বিজেপি বিধায়ক

সরকারি কাগজে এক ছবি, বাস্তবে আরেক!  হাসপাতাল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জবাবে অসন্তুষ্ট বিজেপি বিধায়ক

বিহার বিধানসভায় নিজের কেন্দ্রের সরকারি হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরে সরব হলেন বিজেপি বিধায়ক মৈথিলি ঠাকুর। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া উত্তরে অসন্তোষ প্রকাশ করে তিনি স্পষ্ট জানান, সরকারি নথিতে যে ছবি তুলে ধরা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার সঙ্গে মেলে না।

সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আলিনগর কেন্দ্রের বিধায়ক মৈথিলি জানান, তিনি নিজে গিয়ে হাসপাতালের অবস্থা খতিয়ে দেখেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, হাসপাতালের পরিকাঠামো অত্যন্ত দুর্বল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে এবং সাধারণ মানুষের প্রয়োজনের তুলনায় পরিষেবা একেবারেই অপ্রতুল।

স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে বিধানসভায় দাবি করেন, হাসপাতালের অবস্থা খুব খারাপ নয়, তবে কিছু মেরামতির প্রয়োজন রয়েছে। এই বক্তব্যের বিরোধিতা করে মৈথিলি বলেন, শুধুমাত্র মেরামত করলেই সমস্যার সমাধান হবে না। বাস্তবে হাসপাতালের অবস্থা অনেক বেশি উদ্বেগজনক।

তিনি আরও জানান, আগে হাসপাতালে এমবিবিএস চিকিৎসক থাকলেও বর্তমানে আয়ুষ চিকিৎসকদের দিয়েই পরিষেবা চালানো হচ্ছে। প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষের জন্য একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন জরুরি।

বিধায়ক হিসেবে নয়, বরং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি এই বিষয়টি তুলেছেন বলে জানান মৈথিলি। তাঁর কথায়, মন্ত্রীর কাজে ব্যক্তিগত শ্রদ্ধা থাকলেও, নিজের কেন্দ্রের মানুষের স্বার্থে তিনি এই প্রশ্ন তুলতে বাধ্য হয়েছেন।

Category