জম্মু ও কাশ্মীর ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সোমবার ভোররাতে পরপর ভূমিকম্প অনুভূত হয়েছে। কাশ্মীর উপত্যকায় প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, সোমবার ভোর প্রায় ৫টা ৩৫ মিনিটে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার পত্তন ও সংলগ্ন এলাকায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গের উত্তর-পূর্বে প্রায় ১০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হওয়ার পর অনেক মানুষ নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টা আগেই, ভোর সাড়ে ৩টে নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়। NCS সূত্রে জানা গেছে, সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এই কম্পনের উৎসস্থলও ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, নিকোবর অঞ্চলে।
বিশেষজ্ঞদের মতে, জম্মু ও কাশ্মীর এবং আন্দামান-নিকোবর উভয় অঞ্চলই ভারতের ভূমিকম্পপ্রবণ এলাকার অন্তর্ভুক্ত। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের জাতীয় ভূকম্পন মানচিত্র অনুযায়ী, কাশ্মীর-সহ হিমালয় অঞ্চল রয়েছে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সিসমিক জোনে, আর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ উচ্চ ঝুঁকির তালিকাভুক্ত। একই দিনে দেশের দুই প্রান্তে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের মধ্যে।
- Log in to post comments