২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের পর সংসদেই একদল পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অধিবেশন প্রত্যক্ষ করা ওই পড়ুয়াদের সঙ্গে আলোচনার সময় তিনি এক্স (সাবেক টুইটার) কর্তা ইলন মাস্কের একটি সাম্প্রতিক পোস্টের উল্লেখ করেন।
বাজেট ঘিরে বিরোধী দলগুলির লাগাতার সমালোচনার মধ্যেই মাস্কের সেই পোস্টকে সামনে এনে ভারতের অর্থনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন নির্মলা। আন্তর্জাতিক অর্থভান্ডার (IMF)-এর তথ্য উদ্ধৃত করে মাস্ক লিখেছিলেন, বিশ্ব জিডিপিতে চিনের অংশ ২৬ শতাংশ এবং ভারতের অংশ ১৭ শতাংশ-দু’দেশ মিলিয়ে যা দাঁড়ায় ৪৩ শতাংশ। পোস্টে তিনি ইঙ্গিত দেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে বদলাচ্ছে।
এই প্রসঙ্গে নির্মলা বলেন, সমাজমাধ্যমে সক্রিয় প্রজন্ম হিসেবে পড়ুয়ারা নিশ্চয়ই বিষয়টি লক্ষ করেছে। তিনি জানান, ভারতের অর্থনৈতিক শক্তি নিয়ে বিরোধীদের আরও বাস্তববাদী হওয়া প্রয়োজন। তাঁর কথায়, “চিনের সঙ্গে ব্যবধান রয়েছে ঠিকই, কিন্তু ভারত দ্রুত সেই ফারাক কমিয়ে আনবে।”
অর্থমন্ত্রী আরও ইঙ্গিত দেন, সংসদের বাইরেও এই তথ্যগুলি জনসমক্ষে আনা জরুরি, যাতে দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র স্পষ্ট হয়। উল্লেখ্য, বাজেট নিয়ে বিরোধীরা অভিযোগ তুলেছে যে মধ্যবিত্তের স্বার্থ যথাযথভাবে বিবেচিত হয়নি। সেই সমালোচনার প্রেক্ষিতেই নির্মলার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ব বাণিজ্যে অস্থিরতা ও শুল্কনীতি নিয়ে আন্তর্জাতিক টানাপড়েনের আবহে মাস্কের পোস্ট এবং তা নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য ভারতের বৈশ্বিক অবস্থানকে নতুন করে সামনে আনছে।
- Log in to post comments