বিশ্ব সঙ্গীতের মঞ্চে এক অনন্য নজির গড়লেন দলাই লামা। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে নবতিপর বৌদ্ধ ধর্মগুরুকে সম্মানিত করা হয়। তাঁর অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন খ্যাতনামা সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট।
যে অ্যালবামের জন্য দলাই লামা এই সম্মান পেলেন, তার নাম
‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lama’।
এই অ্যালবামটি সেরা অডিও বুক (Best Audio Book) বিভাগে গ্র্যামি জিতেছে।
এটি কোনও প্রচলিত সংগীত অ্যালবাম নয়। এখানে দলাই লামার কণ্ঠে রয়েছে জীবনদর্শন, শান্তি, মানবিকতা ও সহমর্মিতার বার্তা। তাঁর বক্তব্যের সঙ্গে আবহসঙ্গীত পরিবেশন করেছেন প্রখ্যাত সরোদশিল্পী উস্তাদ আমজদ আলি খান এবং তাঁর পুত্র আমান আলি বাঙাশ ও আয়ান আলি বাঙাশ। অ্যালবামটির মূল ভাবনায় রয়েছে বিশ্বশান্তি, ধৈর্য, দয়া, পরিবেশ সচেতনতা ও আশার বার্তা।
গ্র্যামি প্রাপ্তির পর প্রতিক্রিয়া জানিয়ে দলাই লামা বলেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। এটি আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং মানবজাতির প্রতি আমাদের সম্মিলিত দায়িত্বের স্বীকৃতি।”
তিনি আরও বলেন, “শান্তি, ধৈর্য, পরিবেশের যত্ন ও মানবিক মূল্যবোধ এই বিষয়গুলোই বিশ্বের কল্যাণের মূল চাবিকাঠি। গ্র্যামি পুরস্কার এই বার্তাগুলিকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে।”
সঙ্গীত জগতে গ্র্যামিকে সর্বোচ্চ সম্মান হিসেবে ধরা হয়। এই স্বীকৃতির মাধ্যমে দলাই লামার বার্তা বিশ্বের আরও বড় শ্রোতামহলে পৌঁছবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিভাগে একাধিক উল্লেখযোগ্য অ্যালবাম প্রতিযোগিতায় থাকলেও শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায় দলাই লামার এই অডিও প্রজেক্ট।
উল্লেখ্য, শুধুমাত্র পেশাদার সংগীতশিল্পীরাই নয় এর আগেও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা গ্র্যামি পুরস্কারে সম্মানিত হয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তৃতা ও বইভিত্তিক অডিও অ্যালবামের জন্য একাধিকবার গ্র্যামি পেয়েছেন। তাঁর পাশাপাশি মিশেল ওবামা ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবস-ও এই সম্মানে ভূষিত হয়েছেন। জোবসকে প্রযুক্তির মাধ্যমে সঙ্গীত জনপ্রিয় করার জন্য মরণোত্তর গ্র্যামি দেওয়া হয়েছিল।
- Log in to post comments