খামেনেইয়ের পর ইরানের নেতৃত্বে কে? অন্তর্বর্তী তিন সদস্যের কাউন্সিল গঠন, নজরে প্রবাসী যুবরাজ

খামেনেইয়ের পর ইরানের নেতৃত্বে কে? অন্তর্বর্তী তিন সদস্যের কাউন্সিল গঠন, নজরে প্রবাসী যুবরাজ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তেহরান রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে। জানানো হয়, নিজের দফতরে কাজ করার সময় হামলায় নিহত হন তিনি। ঘটনায় পরিবারের কয়েক জন সদস্যেরও মৃত্যুর খবর মিলেছে। দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থায়ী উত্তরসূরি নির্ধারিত না-হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল গঠন করা হয়েছে। এই কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান, বিচারব্যবস্থার প্রধান এবং অভিভাবক কাউন্সিলের এক আইন বিশেষজ্ঞ। সাময়িকভাবে এই কাঠামোর মাধ্যমেই প্রশাসনিক কাজকর্ম চলবে।

আন্তর্জাতিক সংবাদসংস্থার সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য হামলার আগে থেকেই মার্কিন গোয়েন্দা মহল ইরানের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করছিল। এমনকি খামেনেইয়ের অনুপস্থিতিতে কারা নেতৃত্বে আসতে পারেন, সে সম্পর্কেও মূল্যায়ন করা হয়েছিল বলে দাবি। যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে সিআইএ আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

এই পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে ইরানের নির্বাসিত যুবরাজ রেজ়া পাহলভির নাম। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে শাসনকর্তা রেজ়া শাহ পাহলভির পুত্র তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি ইরানের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রেখেছেন এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।

ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, ইজ়রায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানতে তারা কঠোর পদক্ষেপ নেবে। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। আন্তর্জাতিক মহল ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে।

Category