পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। এর ফলে বহু বিদেশি নাগরিক ভারতে আটকে পড়েছেন এবং তাঁদের ভ্রমণসূচিতে পরিবর্তন আনতে হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন না-হওয়ার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
রবিবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে তাঁদের ভিসার মেয়াদ বাড়ানো এবং ভারতে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে সরকার সহায়তা করবে। বিদেশি নাগরিকদের নিকটবর্তী বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস (এফআরআরও)-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংঘাতের প্রেক্ষিতে ইরান ও ইজ়রায়েল আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করেছে। পরে সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, ইরাক, কুয়েত ও কাতারও একই সিদ্ধান্ত নেয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এর জেরে পশ্চিম এশিয়ার উপর দিয়ে চলাচলকারী বহু আন্তর্জাতিক উড়ান বাতিল বা স্থগিত রাখা হয়েছে।
ভারতের Air India ও IndiGo-সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা পরিষেবায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। পশ্চিম এশিয়ার আকাশপথ ব্যবহার করেই সাধারণত ভারত থেকে আমেরিকা ও ইউরোপগামী অধিকাংশ উড়ান পরিচালিত হয়। আন্তর্জাতিক বিমান যোগাযোগের ক্ষেত্রে দুবাই অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে দুবাই বিমানবন্দরের একটি টার্মিনালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। পরিস্থিতির জেরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারত সরকার জানিয়েছে, প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে।
- Log in to post comments