মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁর লেখা একটি বই মনোনীত হওয়ায় গত বছর সাহিত্য অকাদেমি পুরস্কার থেকে পশ্চিমবঙ্গকে কার্যত বাদ দেওয়া হয়েছিল। বাঙালিদের প্রতি অবিচারের অভিযোগ তুলে তিনি ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
শনিবার কলকাতার দেশপ্রিয় পার্ক-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন এবং বঙ্গবিভূষণ-বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনও পুরস্কারের প্রত্যাশী নন, মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় সম্মান বলে মনে করেন। তবে তাঁর অভিযোগ, গত বছর যেমন পশ্চিমবঙ্গের কোনও সাহিত্যিক সাহিত্য অকাদেমি পুরস্কার পাননি, এ বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছে।
মমতার প্রশ্ন, বাংলা ভাষা ও সংস্কৃতির এত সমৃদ্ধ ঐতিহ্য থাকা সত্ত্বেও কেন রাজ্যকে উপেক্ষা করা হচ্ছে। নাম না করেই তিনি কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে বলেন, বাংলা ভাষা বা সাহিত্য কারও অনুগ্রহে প্রতিষ্ঠিত হয়নি; সংবিধান প্রণয়নের সময় থেকেই বাংলা অষ্টম তফসিলভুক্ত ভাষা হিসেবে স্বীকৃত।
তিনি আরও দাবি করেন, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং প্রয়োজনীয় গবেষণার তথ্য দিল্লিতে পাঠানো হয়েছিল। তাঁর অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বাংলাকে অবমূল্যায়ন করার প্রবণতা দেখা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের হেনস্থার অভিযোগ প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় লড়াই চলবে। তাঁর কথায়, “একুশ মানেই সংগ্রাম, একুশ মানেই অঙ্গীকার।”
- Log in to post comments