বাকিতে সিগারেট দিতে অস্বীকার করায় দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি দার্জিলিং জেলার নকশালবাড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং দলীয় স্তরে অভিযুক্ত নেতাকে শো কজ় নোটিস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পার্থসারথি মুখোপাধ্যায়। তিনি নকশালবাড়ি এলাকার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিযোগ অনুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে তিনি একটি দোকানে সিগারেট নিতে যান এবং পরে টাকা দেওয়ার কথা বলেন। দোকানমালিক রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে দোকানের ভিতরে ঢুকে জিনিসপত্র ছড়িয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
দোকানমালিক তপন পালের দাবি, ওই সময় অভিযুক্তের সঙ্গে আরও কয়েক জন ছিলেন। ঘটনার পর তিনি সকলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দেন। দোকানের CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।
মঙ্গলবার স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ দোকানদারের বাড়িতে গিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। একই দিনে তৃণমূলের জেলা নেতৃত্বও দোকানদারের সঙ্গে দেখা করেন। দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল বলেন, আইন নিজের পথে চলবে এবং দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি কীভাবে ঘটল, সে বিষয়ে অভিযুক্ত নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দল স্পষ্ট করেছে, এই ধরনের আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, অভিযুক্ত পার্থসারথি মুখোপাধ্যায় আগে নকশালবাড়ি অঞ্চলের তৃণমূল সভাপতির দায়িত্বে ছিলেন। তবে এই ঘটনার বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
- Log in to post comments