বিহার ভোট বাতিলের আর্জিতে সুপ্রিম কোর্টে ধাক্কা: ‘প্রচার চাইতেই কি আদালতে?’-পিকে-র দলকে তীব্র ভর্ৎসনা

বিহার ভোট বাতিলের আর্জিতে সুপ্রিম কোর্টে ধাক্কা: ‘প্রচার চাইতেই কি আদালতে?’-পিকে-র দলকে তীব্র ভর্ৎসনা

বিহারের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়ে কড়া প্রশ্নের মুখে পড়ল প্রশান্ত কিশোর ওরফে পিকে-র দল জন সুরাজ পার্টি (জেএসপি)। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তাদের আবেদন শুনতেই রাজি হয়নি। আদালতের পর্যবেক্ষণ ভোটে জনগণ প্রত্যাখ্যান করার পর প্রচারের উদ্দেশ্যে কি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দলটি?

জন সুরাজ পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও নীতীশ কুমার সরকারের তরফে পরিবারের মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়, যা নির্বাচনী স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এই অভিযোগ তুলে তারা বিহারের বিধানসভা নির্বাচন বাতিল করে নতুন করে ভোটগ্রহণের আর্জি জানায়।

শুনানির শুরুতেই প্রধান বিচারপতি দলের আইনজীবীকে প্রশ্ন করেন, “আপনাদের দল কত ভোট পেয়েছে? মানুষ তো আপনাদের প্রত্যাখ্যান করেছে। আদালতকে কি আপনারা প্রচারের মঞ্চ বানাতে চাইছেন?” একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, “আপনারা ক্ষমতায় এলে কি এর চেয়ে আলাদা কিছু করবেন?”

শেষ পর্যন্ত শীর্ষ আদালত এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং জন সুরাজ পার্টিকে বিহার হাই কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। প্রধান বিচারপতির মন্তব্য, “রাজ্যে একটি হাই কোর্ট রয়েছে। সেখানে না গিয়ে সরাসরি এখানে আসার কারণ কী?”

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে জন সুরাজ পার্টি ২৩৮টি আসনেই প্রার্থী দিলেও একটিও আসনে জয় পায়নি। মোট ভোটের মাত্র ৩.৪৪ শতাংশ পেয়েছে দলটি। সেই ফলাফলের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে।

Category