পঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শুক্রবার সকালে একটি গুরুদ্বারের সামনে আম আদমি পার্টির এক নেতাকে গুলি করে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই পাশ থেকে আসা একটি বাইক থেকে তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়।
নিহত নেতার নাম লাকি ওবেরয়। তিনি জলন্ধরের মডেল টাউন এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্তরে আপের পরিচিত মুখ ছিলেন। গুরুদ্বারে পৌঁছে গাড়ি পার্ক করার সময় বাইকে থাকা দুষ্কৃতীরা আগে থেকেই ওঁত পেতে ছিল বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই হামলা চালিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় লাকিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তদন্তকারীদের দাবি, অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ আরও বেশি গুলি চালানোর কথাও জানিয়েছেন।
জলন্ধর পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে দ্রুত সাফল্য মিলবে বলে পুলিশ আশাবাদী।
এই হত্যাকাণ্ড ঘিরে পঞ্জাবের রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কংগ্রেস ও বিজেপি দু’পক্ষই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে আপ সরকারের সমালোচনা করেছে। প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস হত্যার ঘটনা রাজ্যজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে।
- Log in to post comments