বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে শুক্রবারও অচল রইল সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনের পঞ্চম দিনেই লোকসভা ও রাজ্যসভা দু’টি কক্ষই চলতি সপ্তাহের জন্য মুলতুবি করে দেওয়া হয়। আগামী সোমবার আবার বসবে সংসদের উভয় কক্ষ। ফলে বাজেট অধিবেশনের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়ই কোনও কার্যকর আলোচনা ছাড়াই কেটে গেল।
সভা মুলতুবি হয়ে যাওয়ার পরেও সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিক্ষোভে শামিল হন বিরোধী সাংসদেরা। তাঁদের অভিযোগ, কেন্দ্র সরকার আমেরিকার সঙ্গে প্রস্তাবিত বাণিজ্যচুক্তির মাধ্যমে দেশের কৃষকদের স্বার্থ বিপন্ন করছে এবং একই সঙ্গে সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।
চলতি বাজেট অধিবেশন মোট ৬৫ দিনের, যার মধ্যে ৩০ দিন সংসদের বৈঠক হওয়ার কথা। প্রথম পর্ব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিরতির পরে ৯ মার্চ থেকে আবার অধিবেশন শুরু হবে এবং দ্বিতীয় পর্ব শেষ হবে ২ এপ্রিল।
সংসদে অচলাবস্থার সূত্রপাত হয় অধিবেশনের একেবারে শুরুতেই। সোমবার সভা শুরুর কিছুক্ষণ পরেই ক্ষমতাসীন দলের এক সাংসদের মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায়। এর পর লোকসভার বিরোধী দলনেতা বক্তব্য রাখতে উঠে প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে-র একটি বইয়ের উল্লেখ করেন, যেখানে ডোকলামে ভারত-চিন সামরিক উত্তেজনা সংক্রান্ত একটি ঘটনার কথা বলা হয়েছে।
এই প্রসঙ্গে বক্তব্য শুরু হতেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শাসক দলের একাধিক সাংসদ আপত্তি জানান। স্পিকার ওম বিড়লা সংসদীয় বিধির কথা উল্লেখ করে কোনও বইয়ের অংশ উদ্ধৃত না করে বক্তব্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
এর মধ্যেই সোমবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দেন। এরপর বিরোধীদের তরফে অভিযোগ ওঠে, প্রস্তাবিত চুক্তির মাধ্যমে আমেরিকার কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার খুলে দেওয়া হতে পারে। কেন এখনও পর্যন্ত ওই বাণিজ্যচুক্তির খসড়া প্রকাশ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলে বিরোধী দলগুলি।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবি বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু বিরোধীদের হট্টগোলের জেরে সভা মুলতুবি হয়ে যাওয়ায় সেই বক্তৃতা হয়নি। পরে লোকসভায় ধ্বনিভোটে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়, যদিও প্রধানমন্ত্রী রাজ্যসভায় এ বিষয়ে বক্তব্য রাখেন।
- Log in to post comments