মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার থাংস্কু এলাকায় বৃহস্পতিবার সকালে একটি কয়লাখনিতে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৬ জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছেই, এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই কয়লাখনিতে অবৈধভাবে ‘র্যাট হোল’ খনন করে কয়লা উত্তোলন করা হচ্ছিল। বিস্ফোরণের ঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আহত এক শ্রমিককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে শিলং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
‘র্যাট হোল মাইনিং’-এ খুব সরু তিন-চার ফুটের খাল খুঁড়ে খনিতে নেমে কয়লা উত্তোলন করা হয়। এক বারের জন্য এক জনের বেশি ওই গর্তে যাতায়াত করতে পারেন না। ২০১৪ সালে জাতীয় পরিবেশ আদালত এই ধরনের খনন নিষিদ্ধ ঘোষণা করেছিল, পরে সুপ্রিম কোর্ট বিশেষ পরিস্থিতিতে বৈজ্ঞানিক ও নিরাপদ ব্যবস্থার শর্তে এটি করার অনুমতি দিয়েছে। তবে বৃহস্পতিবার যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে প্রয়োজনীয় অনুমতি ছিল না।
ঘটনার পর মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “দুর্ভাগ্যজনক এই ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
- Log in to post comments